ওয়েব ডেস্ক: রোহিঙ্গা সমস্যা সমাধানে বিগত আওয়ামী লীগ সরকার বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেনি অভিযোগ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার রোহিঙ্গা সমস্যার সমাধানে কোনো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেনি, ব্যর্থ হয়েছে। তারা যদি কাজটা ঠিকমতো করতে পারতো এবং আন্তর্জাতিক মহলকে যুক্ত করতে পারতো তাহলে হয়ত চার-পাঁচ বছরের মধ্যে এই সমস্যার সমাধানের দিকে যাওয়া যেত। কিন্তু সেটা হয়নি।
মঙ্গলবার (২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গা সমস্যা আরও ঘনীভূত হয়েছে। ওখানে আরাকান আর্মি আছে, রাখাইন স্টেটের অন্যান্য স্টেকহোল্ডাররা আছে। মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি অনেক জটিল এখন। আমাদের বর্ডারে অনেক সমস্যা হচ্ছে, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
তিনি বলেন, রোহিঙ্গাদের সংখ্যাটাও কিন্তু এখন কেউ সঠিক বলতে পারে না। কারণ, প্রতিদিনই কমবেশি মানুষজন আসছে এবং বছরে গড়ে ওখানে ৩০ হাজার শিশু ভূমিষ্ঠ হচ্ছে। আমরা সংখ্যাটা ঠিকমতো এখন জানি না, কিন্তু অবশ্যই ১৩ লাখের ওপরে হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার এই সমস্যার সমাধানে রাখাইন স্টেটের সঙ্গে, আরাকানের সঙ্গে এবং মিয়ানমারের বর্তমান সরকারের সঙ্গে অফিশিয়ালি-আনঅফিশিয়ালি যোগাযোগ করছে, ডায়ালগ চলছে।
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে বিগত সরকারের সময়ে হওয়া সমঝোতা নিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের ফেরাতে এমওইউ তো একটা হয়েছে। এটা থেকে বের হয়ে আসলে যে খুব একটা লাভ হবে— আমি ব্যক্তিগতভাবে এমনটা মনে করি না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে, এখন জাতিসংঘসহ অন্যান্য যারা স্টেকহোল্ডার আছে, তাদেরকে আরও বেশি যদি যুক্ত করতে হবে।