ওয়েব ডেস্ক: বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ঢাকা অবস্থান ৯ নম্বরে। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ১৫৮, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষ স্থানে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ২০১। যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ১৯৪ স্কোর নিয়ে যথাক্রমে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুরের সিঙ্গাপুর সিটি ও ভারতের রাজধানী শহর দিল্লি।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।