স্পোর্টস ডেস্ক: সাফ মানেই যেন ভারতের ফাইনাল ও শিরোপা। দুর্বল শক্তির দল নিয়ে এসেও ভারত আবারও চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের শ্রেষ্ঠত্ব, পাকিস্তানের প্রথম ফাইনাল খেলা ছাপিয়ে স্বাগতিক বাংলাদেশের সেমিফাইনালের বিদায়ও সদ্য সমাপ্ত টুর্নামেন্টের আলোচ্য বিষয়।
২০০৫ সালের পর বাংলাদেশ সাফের ফাইনাল আর খেলতে পারেনি। এবার ঘরের মাঠে ফুটবলপ্রেমীদের প্রত্যাশা ছিল ২০০৩ সালের মতো চ্যাম্পিয়ন উৎসব করার। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে সব কিছু জলাঞ্জলি।
এই সাফে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলেছে। তিন ম্যাচে তিন রকম চিত্র দেখেছে। হামজা-ফারহানবিহীন ভুটান ম্যাচে ইব্রাহিমের গোলে বাংলাদেশ জিতলেও ভালো ফুটবল খেলতে পারেনি। হামজা দলের সঙ্গে যোগ দেওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে উজ্জীবিত ফুটবল খেলেছে। চার গোলে ম্যাচ জয়ের পাশাপাশি চোখ জুড়ানো ফুটবল খেলে বাংলাদেশ। এর ৭২ ঘণ্টা পরই ভিন্ন এক বাংলাদেশ। পাকিস্তানের পরিকল্পনার কাছে নাস্তানাবুদ। এতে কোচিং স্টাফের ব্যর্থতা ও দুর্বলতার বিষয়গুলো আসছে ঘুরেফিরে।
এবারের সাফ টুর্নামেন্ট শুরু হয়েছিল ফিফা উইন্ডোর বাইরে। হামজা-সামিতের মতো ভারতের অনেক ফুটবলার ক্লাব থেকে ছুটি পায়নি। আবার ভারতের মূল দল খেলেছে নিউজিল্যান্ডে। কোচ নওশাদ মুসা ঢাকায় এসেছিলেন দ্বিতীয় সারির দল নিয়ে। ৫ নভেম্বর উইন্ডোর বাইরে থাকায় তিনি সেদিন মাত্র ১৭ জন ফুটবলার নিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলেন। সেই ম্যাচেও ভারত ৩-২ গোলে জেতে।
ঐ ম্যাচ জেতার পর আরও সংকটে পড়ে যান কোচ মুসা। ঢাকায় আসা দল থেকে দুই জন ডাক পান নিউজিল্যান্ড দলে আরেকজনকে ক্লাবে ফিরে যেতে হয়। ফিফা উইন্ডোর সময় আরও কয়েকজন আসেন। এতেও ২৩ জনের স্কোয়াড হয়নি। মালদ্বীপ,ভুটান ও গতকাল ফাইনালে ২০ জন নিয়েই খেলেছেন তারা। যেখানে ফুটবলে চূড়ান্ত স্কোয়াডই ২৩ জনের। অনভিজ্ঞ ফুটবলার দিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়ে প্রমাণ করেছে তারা সাফের অন্য দেশের চেয়ে কতটা এগিয়ে।
পাকিস্তান বিশ্ব ক্রীড়াঙ্গনে পরিচিতি মূলত হকি, ক্রিকেট ও স্কোয়াশে। সম্প্রতি অ্যাথলেটিক্সেও অলিম্পিকে স্বর্ণ জয়ের কৃতিত্ত্ব গড়েছেন পাকিস্তানী অ্যাথলেট। সেই বিবেচনায় ফুটবল তেমন আলোচিত নয়। এই টুর্নামেন্টে পাকিস্তান চ্যাম্পিয়ন হতে না পারলেও শুরু থেকে দারুণ ফুটবল খেলেছে। ফিফা উইন্ডোর কারণে পাকিস্তান প্রথম দুই ম্যাচ খেলেছে পূর্ণ শক্তি ছাড়াই। ১৪ নভেম্বর বাংলাদেশের বিপক্ষেই পাকিস্তান পূর্ণ শক্তির দল পায়। প্রবাসী কয়েকজন ভালো মানের ফুটবলার থাকায় পাকিস্তানের ফুটবলের চিত্র খানিকটা বদলেছে। বাংলাদেশকে ঘরের মাটিতে হারিয়ে প্রথমবারের মাতো সাফের ফাইনালে উঠেছে। ফাইনালে ভালো শুরু করে লিডও পেয়েছিল। ভিএআরে লাল কার্ডের সিদ্ধান্তে পাকিস্তান পিছিয়ে পড়ে খেলায়।
মালদ্বীপ সাফ অঞ্চলে এক সময় ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করত। অনেক মেধাবী ফুটবলার ছিল। বিশেষ করে আলী আশফাককে দক্ষিণ এশিয়ার মেসি হিসেবে আখ্যায়িত করা হতো। সেই মালদ্বীপ এখন আর নেই। দুই ম্যাচে তারা ৪ গোল হজম করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছ। এবারের সাফে কোনো গোল না করা একমাত্র দল মালদ্বীপ।
ভুটান দেড় যুগ পর আবার সাফের সেমিফাইনালে উঠেছে। মালদ্বীপের চেয়ে ভুটান এবার ভালো ফুটবল খেলেছে। সেমিফাইনালে ভারতের কাছে হারলেও এক গোল দিয়ে খেলায় উত্তেজনা ফিরিয়ে এনেছিল। শ্রীলঙ্কা প্রবাসী ফুটবলারদের নিয়ে অনেক আলোচনায় থাকলেও সেই রকম ফুটবল খেলতে পারেনি।
বিশ্ব ফুটবলে এখন প্রবাসী, ন্যাচারালাইজ প্রক্রিয়ার মাধ্যমে অনেক দেশেই উন্নতি করেছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা প্রবাসী ফুটবলারের দিকে ঝুঁকছে। পাকিস্তানের কোচ নেলবার্তো সোলানো ফাইনাল হারের পর প্রবাসী ফুটবলারের পাশাপাশি ঘরোয়া ফুটবলেও জোরদারের আহ্বান জানান,‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়। স্থানীয় ফুটবলারদের পেশাদার হিসেবে গড়ে তুলতে হবে। তাদেরও প্রতিভা রয়েছে এজন্য ঘরোয়া প্রতিযোগিতাও দরকার।’
পাকিস্তানের ঘরোয়া লিগ অনিয়মিত। বাংলাদেশের ঘরোয়া লিগ নিয়মিত হলেও মান খুব উন্নত নয়। একমাত্র ভারতের লিগই উন্নত দক্ষিণ এশিয়ার। সেটার সুফল এই সাফ চ্যাম্পিয়নশীপেই প্রমাণ। ভারতের দ্বিতীয় সারির ফুটবলারদের পরিপক্বতা অন্যদের চেয়েও বেশি।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল। দ্বিতীয়ার্ধে দু’টি সিদ্ধান্তই ভুটানের পক্ষে যায়। এতে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতীয় কোচ ভিএআর নিয়ে রসিকতা করেছিলেন। অথচ সেই ভিএআরই ফাইনালে টার্নিং পয়েন্ট হয়েছে। ভিএআর পাকিস্তানের ফুটবলারের পেছন থেকে ট্যাকল ফাউল গণ্য করে লাল কার্ড দিয়েছে। এরপরই ভারত খেলায় ফিরতে পেরেছে। বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল ম্যাচে ভিএআর প্রয়োগ প্রয়োজন পড়েনি।
ভারত-পাকিস্তানের বৈরীতা বিশ্বজুড়ে আলোচিত বিষয়। ক্রীড়াঙ্গনেও এর প্রভাব ব্যাপক। পাকিস্তান সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অংশগ্রহণ করেনি ভারত স্বাগতিক হওয়ায়। ভারত ক্রিকেট দল পাকিস্তান সফর করে না। এজন্য আইসিসি ও এসিসি ভারতের ম্যাচ অন্যত্র আয়োজন করে। নিরপেক্ষ ভেন্যুতেও দুই দলের খেলোয়াড়রা হ্যান্ডশেক করেন না।
এমন অবস্থায় সাফ শুরু হওয়ার আগে থেকে পাক-ভারত কোচ-খেলোয়াড়দের বাংলাদেশের মিডিয়ার প্রশ্ন ছিল সৌহার্দ্যতা নিয়ে। দুই দলের খেলোয়াড়-কোচই আন্তরিকতা প্রদর্শনের কথা বলেছিলেন। ৫ নভেম্বর পাকিস্তান-ভারত ম্যাচ দিয়ে সাফের শুরু। ঐ ম্যাচে খেলা শুরু ও শেষের পর দুই খেলোয়াড়রা করমর্দন করেছেন। বেশ আন্তরিকভাবে আলাপও করেছেন।
সাফের শেষটাও হয়েছে পাক-ভারত ফাইনাল দিয়ে। সেখানে ঘটেছে বিশেষ ঘটনা। পাকিস্তান রানার আপ হয়েছে। ভারত চ্যাম্পিয়ন হয়েও পাকিস্তান ফুটবল দলকে সম্মান দিয়েছে দুই পাশে দাড়িয়ে। তদ্রুপ পাকিস্তানও সম্মান দিয়েছে ভারতকে দুই পাশে দাঁড়িয়ে। ফাইনালে পাকিস্তান এক গোলে এগিয়ে ছিল। এরপর ভিএআরে লাল কার্ড পায়। এরপর দুই গোল হজম করে পাকিস্তান প্রথমবারের মতো সাফ শিরোপা হারায়। ভারত অপেক্ষাকৃত দুর্বল নিয়ে চ্যাম্পিয়ন হয়ে উল্লাস করলেও পাকিস্তানের ফুটবলারদের সমবেদনা জানিয়েছে। আবার পাকিস্তানের ফুটবলাররাও ভারত চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জ্ঞাপন করেছে। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে দুই দলের খেলোয়াড়রা কয়েকবার মেজাজ হারানোর ঘটনা ঘটলেও পাক-ভারত দুই ম্যাচই বেশ প্রতিদ্বন্দ্বিতা হলেও মেজাজ হারানোর ঘটনা দেখা যায়নি।
৮ বছর পর ঢাকায় সাফ আয়োজন হয়েছে। ফুটবলপ্রেমীদের আগ্রহ ছিল বাংলাদেশের ম্যাচগুলো অন্তত গ্যালারিতে থাকার। সাফ গ্রুপ পর্বেই সাধারণ গ্যালারি টিকিটের দাম রেখেছিল এক হাজার টাকা। এর ফলে অনেক প্রকৃত ফুটবলপ্রেমীর মাঠে গিয়ে খেলা দেখা সম্ভব হয়নি। বাংলাদেশের ম্যাচে গেট ভাঙার ঘটনাও ঘটেছে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের পর সাংবাদিক লাঞ্চিতও হয়েছেন। সাধারণত স্বাগতিকই দেশই সকল আয়োজনের দায়িত্বে থাকে। এবার সাফ তাদের মার্কেটিং প্রতিষ্ঠানের মাধ্যমে সকল কিছু করেছে। অনেক ইস্যুতে বাফুফে সাফের দিকে ঠেলেছে আবার সাফ তাদের মার্কেটিং প্রতিষ্ঠানের দিকে ঠেলেছে।
খেলোয়াড় ও কোচ হিসেবে শিরোপা জেতার কৃতিত্ব গড়েছেন ভারতের কোচ নওশাদ মুসা। ১৯৯৭ সালে মালদ্বীপে তিনি ভারতের ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ২৯ বছর পর ঢাকায় মুসা কোচ হিসেবে চ্যাম্পিয়ন হলেন। সাফ অঞ্চলে এ রকম কৃতিত্ব আরেক ভারতীয় ম্যাডেইরার। ১৯৯৫ সালে খেলোয়াড় ও ২০১১ সালে কোচ হিসেবে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ২০১১ সালে সাফ ভারতের রাজধানী দিল্লিতে হয়েছিল। মুসাকে ভিন দেশে কঠিন পরিস্থিতির মধ্যে চ্যাম্পিয়ন হতে হয়েছে। তাই তার কাছে কোচ হিসেবে শিরোপা জেতাটা একটু ভিন্ন রকম,‘দুটো দুই রকম অনুভূতি। কোচ হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ ভিন্ন রকম।’