স্পোর্টস ডেস্ক: হ্যারি কেইনের গোল ও অ্যাসিস্ট জয়ের জন্য যথেষ্ট ছিল না বায়ার্ন মিউনিখের। উল্টো তার লাইমলাইট কেড়ে নিলেন জাতীয় দল সতীর্থ ডেকলান রাইস। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইউরোপীয় দুই পরাশক্তি বায়ার্ন মিউনিখ ও আর্সেনালের লড়াই শেষ হয়েছে ২-২ গোলে।
ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ৮১ মিনিট পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে ছিল বায়ার্ন। শেষদিকে গত মৌসুমের রানার্সআপদের হয়ে সমতাসূচক গোলটি করেন রাইস। ফলে গানাররা ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্নকে পয়েন্ট ভাগাভাগিতে বাধ্য করল।
জার্মানিতে আর্সেনালের রাতটা শুরু হয়েছিল অস্বস্তি নিয়ে। ম্যাচের মাত্র ১০ মিনিটে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন বুকায়ো সাকা। পাস দেওয়ার চেষ্টায় পড়ে গিয়ে হাঁটু চেপে ধরেছিলেন তিনি। সেই ধাক্কা সামলে ২৫ মিনিটে লিড নেয় আর্সেনাল। মার্টিন ওডেগার্ডের লম্বা পাস ধরে দ্রুত এগিয়ে গিয়ে কোণাকুণি শটে ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করেন এবেরেচি এজে। শুরুতে অফসাইডের পতাকা উঠলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনায় গোলের সিদ্ধান্ত আসে।
৩৫ মিনিটে সমতায় ফেরে বায়ার্ন। মাঝমাঠ থেকে লম্বা থ্রু পাসে ডেভিসকে খুঁজে নেন কেইন। বাঁ-দিক দিয়ে দৌড়ে গিয়ে আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়াকে ডান পায়ের নিয়ন্ত্রিত শটে পরাস্ত করেন কানাডিয়ান এই ফুটবলার। দ্বিতীয়ার্ধে জুরিয়েন টিম্বারের উঁচু করে রাখা হাতে কেইনের শট লাগলে পেনাল্টি পায় স্বাগতিকরা। ৬১ মিনিটে স্পটকিক থেকে জোরালো শটে বল জালে পাঠিয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজের ৫৮তম গোলটি করেন ইংল্যান্ড অধিনায়ক।
আর্সেনালের বিপক্ষে ক্যারিয়ারে ২৩ ম্যাচে এটি তার ১৬তম গোল। ২০১৪-১৫ থেকে ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত প্রতিটি মৌসুমেই লন্ডনের ক্লাবটির বিপক্ষে গোল করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক, যার বেশির ভাগই টটেনহাম হটস্পারের হয়ে খেলার সময়। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা ১০ ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন কেইন। টানা ১১ ম্যাচে গোল করে প্রতিযোগিতাটির রেকর্ড এখনও ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। ২০১৭ ও ২০১৮ সালে এই কীর্তি গড়েছিলেন পর্তুগিজ তারকা। সেই রেকর্ড স্পর্শ করতে কেইনের পরের ম্যাচেও গোল প্রয়োজন।
তবে বায়ার্নের এই ইংলিশ তারকার স্বস্তি কেড়ে নেন জাতীয় দল সতীর্থ রাইস। স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে ৮২ মিনিটে ভিক্টর গিয়োকেরেসের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর ম্যাচের ৮২তম মিনিটে ইংলিশ তারকা গোলটি করেন। ২-২ সমতায় ম্যাচ শেষ করে চ্যাম্পিয়ন্স লিগের ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গানাররা সপ্তম এবং ৫ পয়েন্ট নিয়ে বায়ার্ন ১৪তম স্থানে রয়েছে।