ওয়েব ডেস্ক: এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, প্রতীক হিসেবে ‘শাপলা’ ছাড়া আমাদের কোনো অপশন নেই। শাপলা না পেলে আইনি এবং রাজনৈতিকভাবে লড়াই করা হবে।
রোববার (১৩ জুলাই) বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।
বেলা ১১টার দিকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ পাঁচ সদস্যর প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠকে বসে।
প্রসঙ্গত, দলের প্রতীক হিসেবে নির্বাচন কমিশনের কাছে শাপলা চেয়ে আসছে এনসিপি। যদিও গত সপ্তাহে শাপলাকে বাদ দিয়ে ১১৫টি প্রতীক নিজেদের তফসিলে সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি। যা ওইদিনই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায়। ইসির সিদ্ধান্তের সমালোচনা করে এনসিপি।
গত ২২ জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। আবার তার আগে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য একই প্রতীক চায়। দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠক করে ইসির সঙ্গে। শাপলা নিয়ে এই কাড়াকাড়ির মধ্যেই প্রতীকটি তফসিলভুক্ত করেনি ইসি।