ওয়েব ডেস্ক: রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান গণহত্যা মামলার অগ্রগতি নিয়ে গাম্বিয়ার সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ২৩তম ওআইসি জরুরি পররাষ্ট্রমন্ত্রী পরিষদ সম্মেলনের সাইডলাইনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী দাউদা এ জালোর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল জানান, মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দায়ের করা মামলার রায় আগামী ২০২৬ সালের অক্টোবর মাসে ঘোষণার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার জন্য দায়বদ্ধতা নির্ধারণে আইসিজের এই রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান খুঁজে পাওয়ার ক্ষেত্রে এটি বড় প্রভাব ফেলতে পারে।
হুমায়ুন কবির রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে আইসিজেতে মামলা পরিচালনায় গাম্বিয়ার নেতৃত্বের প্রশংসা করেন।
তিনি বলেন, রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বের সঙ্গে তুলে ধরতে এবং এর একটি ব্যাপক ও টেকসই সমাধানের লক্ষ্যে বাংলাদেশ ও গাম্বিয়ার ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন।
প্রতিমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনকালে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে রোহিঙ্গা ইস্যুকে বৈশ্বিক এজেন্ডায় সক্রিয় রাখা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের প্রচেষ্টা এগিয়ে নিতে দুই দেশের সমন্বয় গুরুত্বপূর্ণ হবে।