স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে কুশল মেন্ডিস ছিলেন অপ্রতিরোধ্য। মাত্র ৪৮ বলে ৮৭ রানের এক অনবদ্য ইনিংস খেলেন তিনি। এদিন পাথুম নিশাঙ্কাকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রানের মালিক বনে যান তিনি। তার এই রেকর্ডের ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা।
পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ছিলেন পাথুম নিশাঙ্কা। ৯৭ ম্যাচে তার সংগ্রহ ২৭৮৪ রান। আর কুশল মেন্ডিসের ছিল ২৭০৪ রান। এখন তার মোট রান সংখ্যা ২৭৯১। আর পাকিস্তানের বিপক্ষে করা ৮৭ রানই তার ক্যারিয়ারসেরা।
রাওয়ালপিন্ডিতে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন দলনেতা ও ওপেনার সাহিবজাদা ফারহান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করে অপরাজিত থাকেন আরাফাত মিনহাস। এছাড়া ফখর জামান ১২, হাসান নেওয়াজ ১৬ ও আব্দুল সামাদ ১৫ রান করেন। বাকিদের কেউই দশের ঘর স্পর্শ করতে পারেননি।
রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ১ রানে ফেরেন ওপেনার লাহিরু উদারা। দ্বিতীয় উইকেট জুটিতে দারুণ ব্যাট করতে থাকেন সিনেথ জয়াবর্ধনে ও কুশল মেন্ডিস। ২৬ বলে ৩৮ রান করে আউট হন জয়াবর্ধনে। এরপর কামিন্দু মেন্ডিসকে নিয়ে জয় নিশ্চিত করে দলনেতা কুশল মেন্ডিস। ৮৭ রানে কুশল ও ৪০ রানে কামিন্দু অপরাজিত থাকেন।
৪৮ বলে ৮৭ রান করে ম্যাচসেরা হন কুশল মেন্ডিস। আর ৩ ম্যাচে সর্বোচ্চ ২৩৮ রান করা সাহিবজাদা ফারহান সিরিজসেরা ক্রিকেটার নির্বাচিত হন।