তবে সাইফের পর ক্রিজে নামা মেহেদি হাসান মিরাজও দ্রুতই আউট হয়েছেন। বিলাল সামির বাউন্সারে পুল খেলতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ দিলেন আগের ম্যাচে জ্বরের জন্য বাইরে থাকা এই অলরাউন্ডার (২)। তার আগে সাইফ মোহাম্মদ নবির বলে এগিয়ে এসে খেলতে গিয়ে ডিপ মিডে ক্যাচ দিয়েছেন। টেস্ট মেজাজের ব্যাটিংয়ে ২টি চার ও ১টি ছক্কা মারেন এই ডানহাতি ব্যাটার।
পরপর দুই ব্যাটারের বিদায়ের পর ৩২.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২৪ রান। হাফসেঞ্চুরি করা ইমনকে এখন টেলএন্ডারদের নিয়ে সংগ্রহটা বড় করার লক্ষ্যে খেলতে হবে। বাঁ-হাতি এই ব্যাটার ৭৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পূর্ণ করেন।
এর আগে দুবাইয়ের শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেন বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয়। চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে বাংলাদেশকে কেবল জিতলেই হবে না, ব্যবধানও কমপক্ষে ৪১ রানের হতে হবে। সেই সমীকরণ নিয়ে নামা দলটি এখনও বিপর্যয় সামলানোর চেষ্টায় ব্যস্ত।
ব্যাটিংয়ে নেমে ইয়ামিন আহমদজাইয়ের করা দ্বিতীয় ওভারেই প্রথম দুই বলে আউট হয়ে বিপর্যয়ের শুরুটা করেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে ১ রানে ক্যাচ দেন তানজিদ। আর সৌম্য বাইরের বল স্টাম্পে টেনে এনে গোল্ডেন ডাক খেয়েছেন। এরপর সপ্তম ওভারে এক বলের বিরতি দিয়ে আউট নাজমুল হোসেন শান্ত (১৫) ও ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয় (০)। দুজনকেই ফেরালেন আজমতউল্লাহ ওমরজাই।

















