ওয়েব ডেস্ক: শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মরদেহটির মাথা, ২ হাত ও ২ পা ছিল না। শুধু ধড়ের অংশ পাওয়া গেছে। অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পৈলান মোল্লারকান্দি এলাকার পদ্মা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় পদ্মা নদীতে জোয়ারের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়িতে জানান।
খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া মরদেহটির মাথা, ২ হাত ও ২ পা ছিল না। শুধু ধড়ের অংশটুকু পাওয়া গেছে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটির শুধু শরীরের অংশ পাওয়া গেছে। মাথা, হাত ও পা ছিল না। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।