ওয়েব ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাময়িক বহিষ্কারের পর পুলিশের নিরাপদ হেফাজতে রাখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেই পাঁচ কর্মকর্তাকে প্রায় ১২ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো মামলা দায়ের না হওয়ায় মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির জিম্মায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ওই পাঁচ কর্মকর্তার নিরাপত্তার স্বার্থে থানায় রাখার আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের থানায় রাখা হয়। পরে প্রক্টরিয়াল বডির জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ বলেন, আগের দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে পাঁচ কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করাই ছিল প্রশাসনের মূল দায়িত্ব। সে অনুযায়ী রাতের বেলা নিরাপত্তার স্বার্থে তাদের থানায় হেফাজতে রাখা হয়েছিল।
প্রক্টর আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, ইউটিএল, সাদা দল, কর্মকর্তা-কর্মচারী সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মিলিত সিদ্ধান্তে তাদের থানা থেকে ফিরিয়ে আনা হয়েছে। পরে মুচলেকা নিয়ে তাদের পরিবারের কাছে ছেড়ে দেওয়া হয়েছে।
পাঁচ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার ও তদন্ত কমিটি গঠনের কথা জানিয়ে প্রক্টর বলেন, তদন্তের জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত বা অন্য কোনো প্রয়োজনে প্রশাসন তাদের হাজির হতে বললে তারা প্রত্যেকে উপস্থিত থাকতে বাধ্য থাকবেন।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে তল্লাশি চালিয়ে পাঁচ কর্মকর্তাকে আটক করেন শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাদের মারধর করে প্রক্টর অফিসে হস্তান্তর করা হয়।
একই দিনে বিশ্ববিদ্যালয় থেকে চিঠি দিয়ে ওই পাঁচ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের বিষয়টি জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীদের ১৬ নভেম্বর আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রেজোয়ানের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং নাশকতার অভিযোগের প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িক বহিষ্কার করা হলো। উত্থাপিত অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
পরবর্তী সময়ে ক্যাম্পাসে ছাত্রদলের অবস্থান ও দাবির মুখে ওই পাঁচ কর্মকর্তাকে রাত সাড়ে ৩টার দিকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।