আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বোখাম শহরে একটি আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
নিহতদের মধ্যে ২৫ ও ২৭ বছর বয়সী দুজন নারী ও ২৬ বছর বয়সী এক পুরুষ আছেন। এছাড়া এ ঘটনায় ধোঁয়ায় দমবদ্ধ হয়ে আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রথমে ধারণা করা হয়েছিল, সাধারণ আগুন লেগে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। কিন্তু প্রাথমিক তদন্তে আগুন লাগার বদলে আগুন লাগানোর তথ্য পাওয়া যায়। আর এই আগুন লাগিয়ে হত্যার অভিযোগে রোমানিয়ার ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ড তদন্তকারীরা বাড়িটি পরীক্ষা করেন এবং বৈদ্যুতিক বা অন্য কোনো কারণে আগুন লাগার কোনো ইঙ্গিত পাননি। ওই সময় তারা প্রাথমিকভাবে ধারণা করেন, ইচ্ছাকৃতভাবে কেউ ওই বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন। যদিও তারা এখনো কোনো চূড়ান্ত তথ্য জানাননি।
স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর জরুরি পরিষেবার সদস্যরা এসে বাড়িটির দ্বিতীয় তলায় তিনটি মরদেহ পড়ে থাকতে দেখেন।
পুলিশকে ৪টা ১৬ মিনিটের দিকে আগুনের ব্যাপারে জানানো হয়। এরপর তারা সেখানে ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠান।
সিড়ির ফাঁক দিয়ে আগুন ছড়িয়ে পড়ে। ফলে উদ্ধারকারীদের আটকে পড়াদের বের করে আনতে বেগ পেতে হয়।
যে বাড়িতে আগুন লেগে তিন ভারতীয়র মৃত্যু হলো সেখানে গত রোববার দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব হয়। পরে এ নিয়ে পুলিশও ডাকা হয়। এর একদিন পরই এ ঘটনা ঘটে।
সূত্র: হিন্দুস্তান টাইমস