আন্তর্জাতিক ডেস্ক: লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালির কাছে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনের সরকার সমর্থিত বাহিনী সাউদার্ন জায়ান্টের তীব্র লড়াই চলছে। এ বাহিনী দাবি করেছে, বাব এল-মান্দেবের কাছে কাহবুউব ফ্রন্টে হুথিদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করা হয়েছে।
প্রায় দুই সপ্তাহ ধরে সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের যুদ্ধ হচ্ছে। এ সময় হুথিরা বন্দরনগরী মোখা দখল করে নিয়েছে। সরকারি বাহিনী পিছিয়ে গেলেও হুথিদের কাছ থেকে এসব অঞ্চল আবারও দখল করার চেষ্টা করছে তারা।
কাহবুউবের কাছে একটি পাহাড়ি অঞ্চল আছে। হুথিরা এখন এটি দখলের চেষ্টা করছে। এই পাহাড় দখল করতে পারলে বাব এল-মান্দেবে তারা নিজেদের পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ আরও বৃদ্ধি করতে পারবে। হুথিরা প্রণালিটির প্রবেশদ্বারের একটি দ্বীপ ইতিমধ্যে দখল করেছে।
সৌদির বিমানঘাঁটি ও তেল স্থাপনায় হামলা হুথিদের
সৌদি আরবের বন্দরনগরী ইয়ানবুর তেল স্থাপনা এবং খামিস মুসাইত বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। চলতি সপ্তাহে সৌদি ব্যাপক মিসাইল হামলা চালানোর জবাব হিসেবে এই হামলাগুলো চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) ইরান সমর্থিত এ সশস্ত্র গোষ্ঠী বলেছে, “কয়েক ডজন ব্যালিস্টিক মিসাইলের প্রথম হামলা টার্গেট করেছে ইয়ানবুর আরামকোর অবকাঠামোকে। মহান আল্লাহকে ধন্যবাদ, এই হামলা ছিল নিখুঁত এবং সরাসরি। হামলার পর আরামকোর অবকাঠামোতে বড় আগুন ধরে যায়। যার প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।”
“দ্বিতীয় হামলায় টার্গেট করা হয়েছে খামিস মুসাইত বিমানঘাঁটিকে। এখানেও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে। মহান আল্লাহকে ধন্যবাদ, এই হামলাও ছিল নিখুঁত।”
সূত্র: আলজাজিরা